নোয়াপুস্করিনীতে আল-ফাতাহ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার নোয়াপুস্করিনী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মানবকল্যাণমূলক সংগঠন ‘আল-ফাতাহ অর্গানাইজেশন’। গত ২০ জুন আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজসেবক এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপুস্করিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. কবির ভূইয়া। এছাড়া সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার রাসেল হোসাইন ভূইয়া, ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম ভূইয়া, জয়নাল আবেদীন, কার্যনির্বাহী কমিটির সমন্বয়ক জোবায়ের আহম্মেদ ভূইয়া এবং হিসাবরক্ষক জাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় প্রত্যেক মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তারা সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।‘চলো মোরা একসাথে, জয় করব মানবতাকে’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আল-ফাতাহ অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি শিক্ষা ও চিকিৎসা সহায়তা, রক্তদান কর্মসূচি, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ অভিযান এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সংগঠনের নেতারা জানান, একটি শিক্ষিত, সচেতন ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করতে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে। শিক্ষার্থী, যুবক ও সমাজসেবায় আগ্রহী স্বেচ্ছাসেবকদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, মাসিক ন্যূনতম ২০ টাকার সহযোগিতার মাধ্যমে যে কেউ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে অবদান রাখতে পারেন।সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে ও স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে আগ্রহীদের তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করার পাশাপাশি সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, আল-ফাতাহ অর্গানাইজেশনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।