প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬
সাংবাদিক শুভ্রর মোবাইল ফোন নিখোঁজ, থানায় জিডি, হয়রানী বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
নিউজ ডেস্ক।। ||
জাতীয় ও অনলাইন গণমাধ্যমের পেশাজীবী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর ব্যবহৃত অফিসিয়াল মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মোবাইল ফোনে সংরক্ষিত ব্যক্তিগত ও পেশাগত গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হারিয়ে যাওয়া মোবাইল নম্বর বা সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ প্রতারণামূলক বা বিভ্রান্তিকর কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে তার দায় তিনি নেবেন না বলেও স্পষ্টভাবে জানিয়েছেন।মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, চিকিৎসকের কাছে যাওয়ার পথে তার ব্যবহৃত অফিসিয়াল মোবাইল ফোনটি হারিয়ে যায় অথবা কেউ নিয়ে যায়। পরে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে থানায় অনলাইন সাধারণ ডায়েরি করেন।জিডিতে উল্লেখ করা হয়েছে, হারিয়ে যাওয়া মোবাইল ফোনে ব্যক্তিগত ও পেশাগত নানা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল। এর মধ্যে বিভিন্ন নিউজ গ্রুপ, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার ও টুইটার অ্যাকাউন্ট, সাংবাদিকদের বিভিন্ন গ্রুপ, অফিসিয়াল যোগাযোগের নম্বর, ব্যক্তিগত ও অফিসিয়াল ছবি ও ভিডিও, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রেস রিলিজ, সংবাদ সংশ্লিষ্ট নথিপত্র এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল।ভুক্তভোগী সাংবাদিক বলেন, হারিয়ে যাওয়া মোবাইল নম্বর বা সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যদি কেউ কারও কাছে অর্থ দাবি করে, তথ্য সংগ্রহ বা আদান প্রদান করে, সংবাদ সংগ্রহের নামে যোগাযোগ করে কিংবা কোনো ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট অপব্যবহারকারীর। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি ব্যক্তিগতভাবে এর জন্য দায়ী থাকবেন না। বিষয়টি তিনি জিডিতেও বিস্তারিতভাবে উল্লেখ করেছেন।এদিকে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দাবি করেন, দীর্ঘ প্রায় এক যুগ ধরে কুমিল্লা নগরীতে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র তাকে নানা ধরনের হয়রানি, হামলা, চাঁদাবাজি, ভয়ভীতি ও ষড়যন্ত্রের মাধ্যমে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আসছে। এ ঘটনায় তিনি বিভিন্ন সময়ে একাধিক জিডি, জিআর ও সিআর মামলা দায়ের করার পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও স্মারকলিপি দিয়েছেন। তবে এখনো তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন।তিনি জানান, সর্বশেষ ২০২৫ সালের ১৬ অক্টোবর কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন। এছাড়া তার দায়ের করা আরও কয়েকটি মামলার তদন্ত চলমান রয়েছে।মওদুদ আব্দুল্লাহ শুভ্র আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়া, মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি, চাঁদাবাজি এবং হত্যার উদ্দেশ্যে বিভিন্ন কৌশলে অপরিচিত ব্যক্তিদের তার বাসার আশপাশে অবস্থান করতে দেখা যাচ্ছে। তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ পাননি বলে দাবি করেন।এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলা ও সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তারা ঘন ঘন অবস্থান পরিবর্তন করায় গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে, তবে দ্রুতই তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।এদিকে মানবাধিকার কর্মী ও "মানবাধিকার খবর"-এর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, একজন গণমাধ্যমকর্মী আইনের আশ্রয় নেওয়ার পরও যদি বছরের পর বছর নিরাপত্তাহীনতায় থাকেন, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।স্থানীয় সচেতন মহলের দাবি, সাংবাদিকের হারিয়ে যাওয়া অফিসিয়াল মোবাইল ফোনের অপব্যবহার রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার উত্থাপিত নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগগুলোও গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। একই সঙ্গে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত