প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
সাংবাদিক শুভ্রকে অপহরণের চেষ্টার অভিযোগ, আইনগত ব্যবস্থা চেয়ে আবেদন
নিউজ ডেস্ক।। ||
কুমিল্লার পেশাজীবী ও গণমাধ্যমকর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, তার চলাফেরার ওপর নজরদারি এবং পুনরায় অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় আগে দায়ের হওয়া জিআর ও সিআর মামলা বর্তমানে তদন্তাধীন থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।লিখিত অভিযোগে মওদুদ আব্দুল্লাহ শুভ্র দাবি করেন, বুধবার (১ জুলাই) সকালে পেশাগত কাজে বের হলে একটি সংঘবদ্ধ চক্র তার কাজে বাধা সৃষ্টি করে। একই সঙ্গে মোটরসাইকেল ও একটি সাদা রঙের হাউজ কার ব্যবহার করে তাকে অনুসরণ এবং অপহরণের চেষ্টা চালানো হয়। এছাড়া বিভিন্ন মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণ করে তথ্য বিভ্রান্তি ছড়ানোরও অভিযোগ করেন তিনি।তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া এফআইআরভুক্ত জিআর মামলা ও আদালতে চলমান সিআর মামলা তদন্তাধীন রয়েছে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকা সত্ত্বেও অভিযুক্ত ও অজ্ঞাতনামা সহযোগীরা প্রতিনিয়ত নতুন নতুন অপরাধ সংঘটিত করছে বলে অভিযোগ করেন তিনি।মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দাবি, প্রায় এক দশক ধরে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন ছদ্মবেশে তার বিরুদ্ধে ষড়যন্ত্র, হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে পেশাগত ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।এ বিষয়ে তিনি চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন, কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, অপরাধ দমন এবং সংশ্লিষ্ট সকলের গ্রেপ্তারে কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের সত্যতা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত